সুপ্রিয় অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
শিক্ষা জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান সোপান। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। একটি শিক্ষিত, প্রগতিশীল ও সমৃদ্ধ জাতি গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে, বিশেষ করে নারীশিক্ষার প্রসার ও বিকাশের মহৎ লক্ষ্যকে সামনে রেখে ১৯৮১ সালের ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত হয় ‘আগ্রাবাদ আবাসিক এলাকা বালিকা উচ্চ বিদ্যালয়’, যা কালের পরিক্রমায় আজ ‘আগ্রাবাদ বালিকা বিদ্যালয়’ নামে পরিচিত।
চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় একটি আধুনিক সমাজ ও সভ্যতা বিনির্মাণের লক্ষ্যে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় ‘আগ্রাবাদ রেসিডেন্সিয়াল এরিয়া সোশিও-কালচারাল অ্যাসোসিয়েশন’ (আরাসকা)। এলাকার মহানুভব, প্রগতিশীল ও সমাজসেবী ব্যক্তিবর্গের আত্মনিবেদন এবং আরাসকার নেতৃত্বে শিক্ষা-সংস্কৃতির বিকাশ, সুস্থ ও মনোরম সামাজিক পরিবেশ সৃষ্টি, পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দ্য এবং নৈতিক মূল্যবোধের চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি নারীশিক্ষার প্রসারে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রেখে চলেছে।
শিক্ষানুরাগী সমাজসেবী ইঞ্জিনিয়ার এল. কে. সিদ্দিকীর নেতৃত্বে আরাসকা প্রতিষ্ঠিত এ বিদ্যালয় আজ নারীশিক্ষা ও নারী-অগ্রগতির এক অনন্য দৃষ্টান্ত। এ মহৎ উদ্যোগের পেছনে আরও যাঁদের গুরুত্বপূর্ণ অবদান ও অনুপ্রেরণা রয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জনাব এম. এ. এল. আনোয়ার, জনাব জালাল কমিশনার, জনাব মুমিনুল হক সরকার, জনাব আবুল হোসেন, জনাব মোশারফ হোসেন, জনাব আবুল কোম্পানী (টায়ার), জনাব আখতারুজ্জামান, জনাব এম. এ. সালাম, জনাব মো. আবু তাহের, জনাব মো. নাসিম এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু সুনীল চক্রবর্তীসহ আরও অনেকে। তাঁদের অনেকেই আজ আমাদের মাঝে নেই। বিদ্যালয়ের অগ্রযাত্রায় তাঁদের অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
প্রতিষ্ঠাতা সংগঠন আরাসকার প্রাজ্ঞ দিকনির্দেশনা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের দক্ষ ব্যবস্থাপনা এবং একঝাঁক অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকের আন্তরিক তত্ত্বাবধানে বিদ্যালয়টি আজ এ অঞ্চলের অন্যতম সফল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। বিদ্যালয়ের এ সুনাম ও সাফল্যের পেছনে পরিচালনা পর্ষদ ও সম্মানিত শিক্ষকমণ্ডলীর পাশাপাশি অভিভাবকদেরও রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। তাই এ অর্জনে আপনারাও সমান অংশীদার।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। একসময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেরা দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যেও বিদ্যালয়টি স্থান করে নিয়েছে। তবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ১৭ মার্চ ২০২০ থেকে প্রচলিত শিক্ষা কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে, যার প্রভাব শিক্ষার্থীদের শিক্ষাজীবনেও পড়েছিল। এ পরিস্থিতি বিবেচনায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও সম্মানিত শিক্ষকমণ্ডলী অনলাইন ক্লাস কার্যক্রম এবং বিশেষ মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করেন। আপনাদের আন্তরিক সহযোগিতায় এসব কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ জন্য বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও আপনাদের এ সহযোগিতা ও সম্পৃক্ততা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের নেতৃত্বে দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের সার্বিক পরিবেশের উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সর্বদা আন্তরিক ও সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
পরিশেষে, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে আপনাদের সুচিন্তিত মতামত, পরামর্শ এবং সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করছি।
আগ্রাবাদ বালিকা বিদ্যালয় জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও সাফল্যের পথে উত্তরোত্তর এগিয়ে যাক—এটাই আমাদের প্রত্যাশা।
মো. শরীফ উদ্দিন
সভাপতি
আগ্রাবাদ বালিকা বিদ্যালয়